বাগেরহাটে অশ্রুসিক্ত নয়নে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাকে বিদায়

বাগেরহাট সদর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার রুহুল কুদ্দুস তালুকদার-এর বদলিজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠান আবেগঘন পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে উপস্থিত শিক্ষকরা অশ্রুসিক্ত নয়নে তাকে বিদায় জানান এবং তার কর্মময় জীবনের সাফল্য ও অবদানের কথা স্মরণ করেন। বৃহস্প‌তিবার (২৬ ফেব্রুয়ারি) দুপুরে বাগেরহাট সদর উপজেলা মিলনায়তনে সদর উপজেলার প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ এ বিদায় সংবর্ধনার আয়োজন করেন।

 

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রাথমিক শিক্ষা অফিসার নাসরীন আক্তার।

বা‌গেরহাট সদর উপ‌জেলা সহকারী কমিশনার (ভূমি) এম. শরীফ খানের সভাপ‌তি‌ত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা নুর মোহাম্মদ শেখ, শেখর চন্দ্র মিত্র, আব্দুল্লাহ আল মাহমুদ, সদর উপজেলা শিক্ষক সমিতির সভাপতি শরিফুল ইসলাম, সাধারণ সম্পাদক তারিকুল ইসলাম, শিক্ষক আমাতুল হাফিজ, হাসিনা পারভিন মিলা, রফিকুল ইসলাম ও আলমগীর হোসেন প্রমুখ।

বক্তারা বলেন, রুহুল কুদ্দুস তালুকদার দায়িত্ব পালনের সময় শিক্ষার মানোন্নয়ন, বিদ্যালয় ব্যবস্থাপনা শক্তিশালীকরণ এবং শিক্ষক-শিক্ষার্থীদের সঙ্গে আন্তরিক সম্পর্ক গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। তার কর্মদক্ষতা ও মানবিক নেতৃত্ব দীর্ঘদিন স্মরণীয় হয়ে থাকবে।

শেষে বিদায়ী অতিথি রুহুল কুদ্দুস তালুকদার তার বক্তব্যে শিক্ষক সমাজের সহযোগিতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং ভবিষ্যতেও শিক্ষার উন্নয়নে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

অনুষ্ঠানটি স্মৃতিচারণ, সম্মাননা ক্রেস্ট প্রদান ও ফুলেল শুভেচ্ছা বিনিময়ের মধ্য দিয়ে শেষ হয়।